মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সারের ডিলার নিয়োগ নিয়ে নতুন তথ্য দিলো সরকার

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলার নিয়োগ বাতিলের খবরকে গুজব বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সার ডিলার নিয়োগ বাতিল সংক্রান্ত বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে, যা মন্ত্রণালয়ের নজরে এসেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এসব তথ্যের কোনো সত্যতা নেই। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সংবাদমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের নামে বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৮ নভেম্বরের তারিখ সংবলিত ওই নোটিশে দাবি করা হয়, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা ও সরকারি সার সরবরাহের স্বার্থে ২০২৬ সালে বিএডিসির আওতায় অনুষ্ঠিত সার ডিলার নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ ও নিয়োগপত্র বাতিলের কথাও উল্লেখ করা হয়। ওই নোটিশের তথ্যকে অসত্য ও ভিত্তিহীন বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

ক্যাটাগরি