কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা
কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশাল মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবি সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মিছিল ছত্রভঙ্গ করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
এসময় দা দিয়ে মাথায় আঘাত করলে টেকনাফ থানা পুলিশের এসআই মো. জাফর গুরুতর আহত হন। এ ঘটনায় বিজিবির এক সিপাহীও আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের গোদার বিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা থেকেই টেকনাফ সদরের গোদার বিল এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। সেখানে একটি মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ও বিজিবির একটি দল ঘটনাস্থলে যায়। এসময় মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের এক সদস্যকে দা দিয়ে আঘাত করা হয় এবং এক বিজিবি সদস্যও আহত হন।