রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লামায় মাতামুহুরি নদী থেকে ৬০ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

বান্দরবানের লামায় মাতামুহুরি নদী থেকে মংচেসা মার্মা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মংচেসা মার্মা লামা উপজেলার ১ নম্বর গজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিনঝিরি পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, “মাতামুহুরি নদীর হোয়াইট পিক রিসোর্টের নিচের দিকে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে আমিসহ ঘটনাস্থলে যাই এবং নদীপথে মরদেহটি নিয়ে আসি।”
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “মাতামুহুরি নদীতে একটি মরদেহ ভেসে থাকার খবর পেয়ে লামা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে মংচেসা মার্মার মৃত্যুর খবরে তাঁর পরিবার ও স্থানীয় পাড়াবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাটাগরি