রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বাঘাইছড়িতে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

রাঙামাটির বাঘাইছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬।

রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম।

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সমবায় কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সমবায় শুধু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম নয়, এটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠারও একটি কার্যকর উদ্যোগ। স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য— ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’।

ক্যাটাগরি