বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

নাহিদ ইসলামকে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া একটি বক্তব্য প্রত্যাহার করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাহিদ ইসলাম বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যার পর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজি, লুটপাট করার জন্য তারেক রহমান দেশে এসেছেন। দেশ পরিচালনায় তার কোনো পরিকল্পনা নাই।’

আইনজীবী হাবিবুর রহমান নোটিশে উল্লেখ করেন, এ বক্তব্য তার দৃষ্টিগোচর হওয়ার পর তিনি বিব্রত, ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষকে উদ্দেশ করে এমন অবাস্তব ও কাল্পনিক মন্তব্য করা অগ্রহণযোগ্য। এ ধরনের বক্তব্যের জন্য নাহিদ ইসলামকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

নোটিশে আরও বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ক্যাটাগরি