লামায় মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে লামা উপজেলার নুনারঝিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
‘মাদককে না বলি, সুস্থ প্রজন্ম ও নিরাপদ সমাজ গড়ি’ এবং ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ ভবিষ্যৎ গড়ি’—এমন স্লোগানকে সামনে রেখে নুনারঝিরি যুব সংঘ এ সভার আয়োজন করে। সমাজকর্মী শামসুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মো. জয়নাল আবেদীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার পুলিশ পরিদর্শক এসআই মোহাম্মদ শাকিল আহমেদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু সুফিয়ান, সমাজকর্মী ও সাংবাদিক মো. আদহাম বিন ইব্রাহিম, সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী সুজন, লামা প্রেস ক্লাবের সহসভাপতি নুরুল আলম এবং ন্যায্য সামাজিক সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনূসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহ প্রভাব শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের সংস্পর্শে এলে তাদের স্বাভাবিক জীবন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মূল্যবোধ বাধাগ্রস্ত হয়।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুমহল ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল নজর রাখতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চা এবং পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
লামা থানার পুলিশ পরিদর্শক এসআই মোহাম্মদ শাকিল আহমেদ তাঁর বক্তব্যে মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও সামাজিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। মাদকসংক্রান্ত অপরাধের তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, যুবসমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় স্থানীয় যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।