শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

দুর্গাপূজায় রাঙামাটিতে বিজিবির বিশেষ টহল, জোরদার গোয়েন্দা নজরদারি।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে রাঙামাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ, রাঙামাটি শহর ও দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান বিজিবির রাঙামাটি সদর দপ্তরের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহনেওয়াজ তাসকিন আহমেদ।

পরিদর্শনকালে পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত পরিচালক রাজু পালিত, বিজিবির টহল দলের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সেক্টর কমান্ডার শাহনেওয়াজ তাসকিন আহমেদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটি পৌরসভাসহ পুরো পার্বত্য অঞ্চলের পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষ যেন আনন্দঘন, নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী রাঙামাটি শহর, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ ও দুর্গম সীমান্তবর্তী এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

এ সময় পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বলা হয়, কোথাও সন্দেহজনক গতিবিধি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প, দায়িত্বে থাকা টহল দল কিংবা অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।

ক্যাটাগরি