লামার ইউএনও মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিল লামা প্রেসক্লাব
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলা থেকে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনকে বিদায় সংবর্ধনা দিয়েছে লামা প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টায় লামা পৌরসভা সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লামা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএল.বি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও মো. মঈন উদ্দিন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন লামা প্রেসক্লাবের সহসভাপতি আদহাম বিন ইব্রাহিম। শুভেচ্ছা বক্তব্য দেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মুহাম্মদ সুজন এবং লামা প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম। এ ছাড়া উপস্থিত সাংবাদিকরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ওবাইদুল্লাহ। এ সময় লামা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মঈন উদ্দিন বলেন, “আমি লামায় এক বছর আট মাস ১০ দিন কর্মরত ছিলাম। সরকার আমাকে জনগণের সেবা করার জন্য পাঠিয়েছেন। কর্মকালীন সময়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। এ সময়ে অতিরিক্ত একাধিক দপ্তরপ্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি বন্যা, প্রাকৃতিক দুর্যোগ ও পাহাড়ধসের মতো পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে।”
তিনি বলেন, “লামার সর্বস্তরের মানুষের জন্য আমার দরজা উন্মুক্ত ছিল। আমি চেষ্টা করেছি মানুষের কাছে সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, কাজ করতে গেলে ভুলত্রুটি হতে পারে। তাই লামার সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করেছি।”
কর্মকালীন সময়ে সহযোগিতার কথা স্মরণ করে বিদায়ী ইউএনও বলেন, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক ও সমাজসেবীরা তাঁকে সব সময় সহযোগিতা করেছেন। সবার সহযোগিতা নিয়েই সাতটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করা সম্ভব হয়েছে।
আবেগঘন বক্তব্যে তিনি আরও বলেন, “কাজ করতে গিয়ে লামাবাসীর কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মানুষের ভালোবাসার সঙ্গে অন্য কিছুর তুলনা হয় না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সারাজীবন লামাবাসীর মঙ্গল কামনা করছি।”
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনওর সঙ্গে তাঁদের কর্মকালীন অভিজ্ঞতা তুলে ধরেন এবং তাঁর পরবর্তী কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই সদ্য বিদায়ী ইউএনও মো. মঈন উদ্দিনের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।