ডেঙ্গু প্রতিরোধে ২১ নম্বর জামাল খান ওয়ার্ড জামায়াতের লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচি
জনগণের স্বাস্থ্যসুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে – অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন
চট্টগ্রাম, ১০ অক্টোবর ২০২৬: সারা দেশে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ২১ নম্বর জামাল খান ওয়ার্ড জামায়াতের উদ্যোগে লিফলেট বিতরণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় নগরীর আসকারদিঘীর পশ্চিম পাড় থেকে শুরু হয়ে হেমসেন লেইন ও জামাল খান এলাকার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোসেন এবং ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা. পারভেজ ইকবাল শরীফ। এ সময় ওয়ার্ড জামায়াতের সভাপতি নূরনবী লিটন, সেক্রেটারি রোকনউদ্দীনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জামাল খান ওয়ার্ডবাসীর সেবায় একজন যোগ্য, নীতিবান ও সুশিক্ষিত ব্যক্তি হিসেবে চিকিৎসক ডা. পারভেজ ইকবাল শরীফকে সামনে আনা হয়েছে। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হলে নিঃস্বার্থভাবে জনগণের সেবা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি ডা. পারভেজ ইকবাল শরীফের মরহুম পিতা আজিম শরীফের সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, ডেঙ্গু, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এ অবস্থায় মশক নিধন ও রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর ও পর্যাপ্ত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি বলেন, কর্তৃপক্ষের কার্যক্রমের পাশাপাশি জামায়াতে ইসলামী নিজস্ব উদ্যোগে মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের পাশে দাঁড়িয়েছে। তিনি অবিলম্বে নগরজুড়ে পর্যাপ্ত মশার ওষুধ ছিটানো এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কাউন্সিলর পদপ্রার্থী ডা. পারভেজ ইকবাল শরীফ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, মশারি ব্যবহার এবং পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তিনি বলেন, নগরীর বর্তমান পরিস্থিতিতে উন্নয়নকাজের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি ফিল্ড হাসপাতাল স্থাপন এবং ডেঙ্গু ভ্যাকসিন চালুর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, জামাল খান এলাকায় ফিল্ড হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হলে প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে তিনি প্রস্তুত রয়েছেন। সিটি কর্পোরেশন উদ্যোগ নিতে না পারলেও স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। একজন চিকিৎসক হিসেবে জামাল খানবাসীর জন্য তাঁর দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও জানান।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ আসকারদিঘী ও হেমসেন লেইন এলাকার পথচারী, দোকানদার ও বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে আশপাশে জমে থাকা পানি অপসারণ, পানির পাত্র পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।