দুর্গাপূজার আমেজের মাঝেই বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের শীর্ষ প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তন এসেছে। জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন নাজনীন সুলতানা। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নাজনীন সুলতানা বর্তমানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি বান্দরবানের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পরিচালনা করবেন।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলায় যখন ধর্মীয় ও সামাজিক উৎসবের প্রস্তুতি তুঙ্গে, ঠিক তখনই এলো এই নতুন নিয়োগের খবর। এবার বান্দরবানের ৭টি উপজেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই পূজা উদযাপনে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন প্রস্তুতিমূলক আলোচনা সভা সম্পন্ন করেছে। নতুন জেলা প্রশাসক যোগদান করেই এই উৎসবের প্রশাসনিক নিরাপত্তার তদারকি শুরু করবেন।
এর আগে চলতি বছরের ২ এপ্রিল বান্দরবানের ২৩তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন মো. সানিউল ফেরদৌস। জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার পূর্বে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।
নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা শীঘ্রই বান্দরবানে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।