সাইট এইড ফাউন্ডেশন’র উদ্যোগে লামায় বিশ্ব দৃষ্টি দিবস পালিত
নজরুল ইসলাম,লামা,বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলায় ‘সাইট এইড ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬’ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।
সাইট এইড ফাউন্ডেশনের পরিচালক ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক থুইনুমং মার্মার সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্যে লামা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম আরিফ চৌধুরী বলেন, “দৃষ্টি মানবদেহের অন্যতম মূল্যবান নিয়ামত। অন্ধত্ব দূরীকরণ এবং চোখের সুচিকিৎসা নিশ্চিত করতে পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— লামা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ করিম, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকার, লামা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সাংবাদিক মো. সাহাব উদ্দিন ও নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন, অ্যাডভোকেট কবির হোসেন শান্ত, এলাকার হেডম্যান, কারবারীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা চোখের দৃষ্টিশক্তির গুরুত্ব ও সচেতনতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, সচেতনতার অভাব এবং চিকিৎসার সুযোগ না থাকায় অনেক মানুষ অন্ধত্বের শিকার হচ্ছেন। বিশেষ করে লামাসহ দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের মাঝে সাইট এইড ফাউন্ডেশনের মাধ্যমে আরও বেশি করে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জোরালো আহ্বান জানান বক্তারা।