বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

থানচি-আলীকদম সড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘চাঁদের গাড়ি’, নিহত ২

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
পাহাড়ি আঁকাবাঁকা সড়কের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের আনন্দ এক মুহূর্তেই রূপ নিল করুণ ট্র্যাজেডিতে। বান্দরবানের থানচিতে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি ‘চাঁদের গাড়ি’ (জিপ্রাইডার) গভীর খাদে পড়ে গিয়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

গত সোমবার বিকেলে ডিম পাহাড়-তিন্দু মুখ সড়কের ২১ কিলোমিটার এলাকায় (আলীকদম অংশ) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের খুটাখালী এলাকা থেকে আসা পর্যটকদের নিয়ে গাড়িটি ডিম পাহাড়ের সৌন্দর্য দেখে তিন্দু মুখ নদীর ঘাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে তিন্দু মুখ নদী বিজিবি চেকপোস্ট থেকে প্রায় ৬০০ মিটার দূরে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই পর্যটকবাহী গাড়িটি সড়কের পাশের গভীর খাদে গড়িয়ে পড়ে। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান দুই পর্যটক।

দুর্ঘটনার বিকট শব্দে আশপাশের লোকজন ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে ৩৮ বিজিবি ব্যাটালিয়নের তিন্দু বাজার নদী চেকপোস্টের সদস্য এবং থানচি থানা পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বিজিবি ও পুলিশের যৌথ প্রচেষ্টায় খাদ থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, “দুর্ঘটনার খবর পেয়েই বিজিবি ও পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। নিহত দুজনের মরদেহ থানচি থানায় রাখা হয়েছে, যা ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। আহতদের চিকিৎসা চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ক্যাটাগরি