রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাউখালীতে কিশোর কণ্ঠ ফোরামের সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ মামুন কাউখালী (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটির কাউখালীতে কিশোর কণ্ঠ ফোরাম কাউখালী থানা শাখার উদ্যোগে সিরাত পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) ছিদ্দিক আকবর (রা.) দাখিল মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে কাউখালী প্রতিনিধি মো. ওমর ফারুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কিশোর কণ্ঠ ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার চেয়ারম্যান মো. রবিউল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম সাফি, অর্থ সম্পাদক মোহাম্মদ শাওবান, ছিদ্দিক আকবর (রা.) দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, সহকারী সুপার মাওলানা হোসাইন ফারুকী, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা নুরুল হক, পোয়াপাড়া ফারুকে আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল হায়াত মিয়াজী, তাহেরিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সাইফুল ইসলাম এবং উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম ফারুকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আলেম-ওলামা ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মুসলিম উম্মাহর জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর চরিত্র, নৈতিকতা, মানবিকতা, সত্যবাদিতা, আমানতদারি ও সমাজকল্যাণের শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, সিরাত পাঠের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করাই হওয়া উচিত প্রত্যেক শিক্ষার্থীর লক্ষ্য।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে নিয়মিত জ্ঞানভিত্তিক ও নৈতিক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।
কিশোর কণ্ঠ ফোরামের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং ইসলামের ইতিহাস ও মহানবী (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার আগ্রহ তৈরিতে সিরাত পাঠ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে সিরাত পাঠ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতেও কিশোর কণ্ঠ ফোরামের পক্ষ থেকে এ ধরনের শিক্ষামূলক, নৈতিক ও সৃজনশীল আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্যাটাগরি