কাপ্তাই জেটিঘাটে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই জেটিঘাট বণিক কল্যাণ সমিতি ও জেটিঘাট ইসলামি ইয়াং সোসাইটির আয়োজনে পবিত্র জলসে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে জেটিঘাট বায়তুল সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার ব্যবসায়ী, ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আহমদ রজভী। উদ্বোধন করেন মাওলানা মোহাম্মদ সিদ্দিক আহম্মদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মান্নান আলকাদেরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই জেটিঘাট বণিক কল্যাণ সমিতি ও বায়তুল সালাম জামে মসজিদ কমিটির সভাপতি লোকমান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাদউল্লাহ।
মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভাপতি লোকমান আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
আয়োজকরা বলেন, মহানবী (সা.)-এর আদর্শ ও মানবিক শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের ধর্মীয় আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।