সংস্কারের অভাবে জরাজীর্ণ কর্ণফুলী নালন্দা বিহার দ্রুত সংস্কারের দাবি পরিচালনা কমিটির সভাপতির।
মো জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বিহার দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। বিহারটির বিভিন্ন অংশে ফাটল, দরজা-জানালাসহ অবকাঠামোর নানা স্থানে ক্ষয় দেখা দিয়েছে। ফলে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বিহার পরিচালনা কমিটির সভাপতি বাবু সমর বড়ুয়া।
শনিবার গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বাবু সমর বড়ুয়া বলেন, কর্ণফুলী নালন্দা বিহারটি ১৯৬০ সালে স্থাপিত হলেও দীর্ঘ সময় পর ১৯৯৩ সালে একবার সংস্কার করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিহারটির বড় ধরনের সংস্কার হয়নি। বর্তমানে ভবনের বিভিন্ন অংশ, দরজা-জানালা ও আশপাশের স্থাপনায় সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে।
তিনি বলেন, এ বিহারটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়; স্থানীয় মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি এটি আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। বিভিন্ন সম্প্রদায়ের শিশু-কিশোরদেরও এখানে অবস্থান ও শিক্ষা কার্যক্রমের সুযোগ রয়েছে।
বিহারটির ঐতিহ্য ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আনার আহ্বান জানান বাবু সমর বড়ুয়া।