সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাঁচবিবিতে শিয়াল তাড়ানোর বৈদ্যুতিক তারে প্রাণ গেল যুবকের

মোঃ আজাদ আলী, জয়পুরহাটঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে শশা ক্ষেতকে শিয়ালের উপদ্রব থেকে রক্ষার জন্য জমিতে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব একই গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানান, কৃষক আবু বক্কর তাঁর শশা ক্ষেতকে শিয়ালের উপদ্রব থেকে রক্ষার জন্য জমির চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রেখেছিলেন। শুক্রবার রাতে শশা খাওয়ার জন্য সাকিব ওই জমিতে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

পরদিন রবিবার সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শশা ক্ষেতের মধ্যে বৈদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মো. মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি