খুলনায় বিশেষ অভিযানে ২ আসামি গ্রেপ্তার, রিভলবার-কার্তুজ উদ্ধার
শেখ তৈয়ব-খুলনা-জেলা প্রতিনিধি
খুলনা সদর থানার বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে গ্রেপ্তার সালাউদ্দিন আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে লবণচরা থানাধীন মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবারসহ বিভিন্ন ধরনের ৪১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ভোর সাড়ে ৪টার দিকে খুলনা সদর থানাধীন টুটপাড়া সার্কুলার রোড এলাকা থেকে সালাউদ্দিন আহমেদ (২৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং থানার গাওদিয়া এলাকার মৃত সৈয়দ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোড এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে লবণচরা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আবিদ হাসান রানা (৪১)-এর বাসার শয়নকক্ষের বিছানার নিচ থেকে একটি রিভলবার, রিভলবারের একটি কার্তুজ, পিস্তলের ১৬টি কার্তুজ এবং শর্টগানের ২৪টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আবিদ হাসান রানা মধ্য হরিণটানা এলাকার মৃত ওলিয়ার রহমানের ছেলে।
পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় লবণচরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের উৎস এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।