য়মনসিংহে ড্রামের ভেতর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রনি বসু-ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি সুইজগেইট এলাকায় পানিতে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি পুরুষ; তাঁর বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।
বুধবার সকালে স্থানীয় লোকজন পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ‘হত্যার পর মরদেহ ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মরদেহটি কীভাবে ড্রামের ভেতরে গেল এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।