বাঘাইছড়িতে চোরাচালানবিরোধী অভিযানে ৯৯০ প্যাকেট সিগারেট জব্দ
মোঃ আসিফ ইসলাম সাইফ-বাঘাইছড়ি প্রতিনিধি-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৯০ প্যাকেট অবৈধ বিদেশি ‘উইন’ (Win) ব্র্যান্ডের সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহলদল বাঘাইছড়ি মুখ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় এসব বিদেশি সিগারেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা ৯৯০ প্যাকেট সিগারেটের প্রতিটি প্যাকেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে মোট বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।