রাঙামাটিতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি পার্বত্য জেলায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়। তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও জজ কোর্ট, রাঙামাটির বিজ্ঞ জি.পি. অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
প্রতিযোগিতায় রাঙামাটি পার্বত্য জেলার ১০টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দল নিজ নিজ থানার প্রতিনিধিত্ব করছে।
আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ ও তরুণ সমাজের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি, দলগত চেতনা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
কাবাডি শুধু একটি খেলা নয়; এটি শৃঙ্খলা, দলগত ঐক্য, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার চর্চার অন্যতম মাধ্যম। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক ও সুস্থ ধারায় সম্পৃক্ত করার পাশাপাশি মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধ এবং পুলিশ-জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজকদের প্রত্যাশা, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খেলাধুলায় ঐক্য গড়ি,মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ি