সোনাডাঙ্গায় ১৬ কার্তুজ উদ্ধার, বাড়ির মালিক গ্রেপ্তার
শেখ তৈয়ব আলী পর্বত,খুলনা
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন নাজিরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৬টি কার্তুজ ও একটি ধাতব পাইপ উদ্ধার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক মোঃ মেহেদী হাসান রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নাজিরঘাট মেইন রোডের ৯৪/১ নম্বর বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি বাড়িতে মাদক সেবনসহ অসামাজিক কর্মকাণ্ড চলার তথ্যের ভিত্তিতে সোনাডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির মালিক মোঃ মেহেদী হাসান রানাকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ধাতব পাইপের ভেতর থেকে ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের দেওয়া তথ্যমতে, উদ্ধার করা ধাতব পাইপটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৪ ইঞ্চি। পাইপটির মধ্যে থাকা কার্তুজগুলো লাল ও কালো রঙের টেপ দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ছিল।
গ্রেপ্তার মোঃ মেহেদী হাসান রানা নাজিরঘাট মেইন রোডের ওই বাড়ির বাসিন্দা। তার বাবার নাম রেজাউল ইসলাম এবং মায়ের নাম মৃত রাবেয়া বেগম। পুলিশ জানিয়েছে, রানার বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুমায়ুন কবির গণমাধ্যমকর্মীদের জানান, অভিযানে বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তার হেফাজত থেকে ১৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা কার্তুজগুলো দেখে প্রাথমিকভাবে অনেক পুরোনো বলে মনে হয়েছে। এগুলো বর্তমানে সক্রিয় বা ব্যবহারযোগ্য কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।
তিনি আরও জানান, উদ্ধার করা কার্তুজের বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।