শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ১ম নির্বাচন: আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি রূপন, সম্পাদক রতন ও কোষাধ্যক্ষ সাধন

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলায় অত্যন্ত আনন্দঘন, অসাম্প্রদায়িক ও শান্তিপূর্ণ পরিবেশে ‘আলীকদম বাজারস্থ সার্বজনীন শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দির’ পরিচালনা কমিটির প্রথম নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও নির্বাচন পরিচালনা কমিটির দক্ষ তত্ত্বাবধানে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

​ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করে। এতে সভাপতি, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) ও কোষাধ্যক্ষ পদে নতুন নেতৃত্ব বেছে নেন স্থানীয় ভোটাররা।

​সভাপতি পদ: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ পদে ১৫৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব রূপন চন্দ্র শর্মা (পিতা: মৃত কালী কুমার শর্মা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব সন্তোষ কান্তি দাস পান ১২৫ ভোট।

​সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ: বড় ব্যবধানে জয়লাভ করেছেন জনাব রতন চৌধুরী (পিতা: মৃত আপন মোহন চৌধুরী)। তিনি পান ১৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব বিপ্লব শর্মা পান ৮৯ ভোট।

​কোষাধ্যক্ষ পদ: সর্বোচ্চ ২৩৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন জনাব সাধন চন্দ্র কর্মকার (পিতা: চন্দ্র মোহন কর্মকার)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব ছোটন শীল পান ৪৫ ভোট।

​নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের প্রতিটি হিন্দু পরিবারের একজন প্রতিনিধি এবং উপজেলার অন্যান্য ইউনিয়নের সকল হরি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত মোট ২৯৪ জন ভোটারের তালিকা চূড়ান্ত করা হয়েছিল। এর মধ্যে ২৮৬ জন ভোটার অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সাথে তাঁদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেন।

​নির্বাচন কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আলীকদম থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিএসবি)-র টিম দিনভর মন্দির প্রাঙ্গণে সার্বক্ষণিক কড়া নিরাপত্তা ও তদারকি জোরদার রাখে। ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

​সম্পূর্ণ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত পরিবেশে নিজস্ব নেতৃত্ব নির্বাচন করতে পেরে উচ্ছ্বসিত স্থানীয় সনাতন সম্প্রদায়। এমন গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করায় সাধারণ ভোটাররা উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এলাকায় যেমন স্বস্তিদায়ক আবহ তৈরি হয়েছে, তেমনি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থাও আরও সুদৃঢ় হয়েছে।

ক্যাটাগরি