শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

কাপ্তাই উপজেলা পোস্ট অফিসে অপরিচ্ছন্নতার অভিযোগ

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলা পোস্ট অফিসের ভেতরে ও বাইরে দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে। অফিসের সিঁড়ি, আশপাশের এলাকা, বিভিন্ন ফাইলপত্র রাখার স্থানসহ ভবনের বিভিন্ন অংশে ময়লা-আবর্জনা জমে থাকার অভিযোগ করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, পোস্ট অফিস ভবনের বিভিন্ন স্থানে অপরিচ্ছন্নতার ছাপ রয়েছে। ভবনের ছাদে ময়লা ও শ্যাওলা জমে আছে। দেয়ালের বিভিন্ন অংশেও দেখা গেছে ময়লা ও শ্যাওলার আস্তরণ। এতে সরকারি গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির পরিবেশ ও সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা পোস্টমাস্টার সুবল বড়ুয়া সাংবাদিকদের বলেন, বৃষ্টির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ডাক বিভাগের গুরুত্বপূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান হিসেবে পোস্ট অফিসে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেবা নিতে আসেন। অথচ প্রতিষ্ঠানটির ভেতর-বাইরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় সেবাগ্রহীতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

তাদের প্রশ্ন, সরকারি অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠানের ভবন ও আশপাশের পরিবেশ যদি অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা কোথায়?

স্থানীয়রা কাপ্তাই উপজেলা পোস্ট অফিসের ভেতর-বাইরের পরিবেশ দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ছাদ ও দেয়ালে জমে থাকা শ্যাওলা অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা।

ক্যাটাগরি