শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ডাকাতি-চুরি ও মাদক মামলায় গ্রেফতার ১২

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মাদক সেবন ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত একজন আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে কর্মচারী কলোনির বাসিন্দা মো. ফজল করিম (৩৬)কে ডাকাতি সংগঠনের অভিযোগে গ্রেফতার করা হয়। অপরদিকে মিরাজুল ইসলাম রনি (২৬)কে চুরি সংগঠন এবং বসতঘরে আগুন লাগানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া বাবু চাকমা (৪৫), অমর বিকাশ চাকমা (৩৫), মো. নুরুল আলম (৩৯), নান্টু কুমার রুদ্র (৪০), মিজান উদ্দিন চৌধুরী (৩৬), পাঞ্জু মল্লিক (৫৪), প্রিয় জীবন চাকমা (১৯) ও পুলক দেব (৪৫)-কে মাদক সেবন এবং মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে সিলেটি পাড়া এলাকার বাসিন্দা মিরাজ মিয়া (৪৭)কে সিআর পরোয়ানামূলে গ্রেফতার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেফতারকৃত ২ নম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদেরও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।

রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ক্যাটাগরি