হারানো ৬১ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল রাঙামাটি জেলা পুলিশ
অহিদুল ইসলাম অভি-রাঙামাটি জেলা প্রতিনিধি
হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তির ব্যবহার করে সাফল্য পেয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ। জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের ধারাবাহিক অনুসন্ধানে দেশের বিভিন্ন স্থান থেকে ৬১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার হওয়া ফোনগুলো তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় পাওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে সাইবার ক্রাইম মনিটরিং সেল। তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইলগুলোর অবস্থান ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে দেশের বিভিন্ন এলাকায় অভিযান ও অনুসন্ধান চালানো হয়। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ৬১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়। ফোন ফিরে পেয়ে অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সুপারসহ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
জেলা পুলিশ বলছে, তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে হারানো মোবাইল উদ্ধারের এই কার্যক্রম জনসেবামূলক পুলিশিংয়ের অংশ। দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধারের মাধ্যমে সাইবার ক্রাইম মনিটরিং সেলের প্রযুক্তিগত অনুসন্ধান সক্ষমতারও প্রতিফলন ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তারেক সেকান্দার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এইচ.এম. মাহমুদসহ সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।