ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ২ মাদকসেবী আটক
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে। পরে মাদক আইনে মো. জুয়েল রানা (৪২) ও মো. জাহেদকে (১৯) যথাক্রমে ১৫ দিন ও ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে দুজনকে ৩০০ টাকা করে মোট ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঈদগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মেহেরঘোনায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, উপজেলার দক্ষিণ মেহেরঘোনা এলাকার জাবেরের টমটম গ্যারেজে কয়েকজন মাদকসেবীর অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে পরিচালিত অভিযানে চোলাই মদ, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।
অভিযানে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।