ঈদগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান, ধ্বংস করা হলো আখড়া!
সেলিম উদ্দিন,কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছেন ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি।
৩ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া, মিয়াজী পাড়া, লরাবাগ, রাবারড্রামসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশকটি মাদকের আখড়া ধ্বংস করা হয়।
এ অভিযানে অংশ নেন ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি, থানার এএসআই আবু তাহের, ইউপি মেম্বার কামাল হোসাইন, মুজিবুর রহমান, আবু ছালেহ, গ্রাম পুলিশ ও স্থানীয় জনগন। তারা মাঠপর্যায়ে উপস্থিত থেকে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে কাজ করেন।
এসময় চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ জনি মাদকসেবন ও মাদক ব্যবসার সামাজিক ও পারিবারিক ক্ষতির দিক তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আসুন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে এ সকলে সোচ্ছার হই।