রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: দাঙ্গাবাজ ও পলাতক আসামিসহ গ্রেফতার ১১
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, একাধিক মামলার পলাতক আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চুরির অভিযোগে মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারদের মধ্যে মোঃ আল মামুন ওরফে কেচি মামুন (৩৭) রয়েছেন। তার বিরুদ্ধে দাঙ্গা সংগঠনের অভিযোগসহ মোট ১০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া রমেশ ত্রিপুরা ওরফে বাপ্পী ত্রিপুরা (৪৪) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তিনি একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দস্যুতা ও বিভিন্ন অভিযোগে মোট ৮টি মামলা রয়েছে।
অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ শামীম (২৭), শুক্কুর আলী (৩৮) ও মোঃ বাবু (৩০)-কে গ্রেফতার করা হয়। একই অভিযানে মাদক সেবনের অভিযোগে বিশ্ব নার্থ রবি দাশ (৪০), মোঃ বাছেদ আলী (৪০), মোঃ জমির উদ্দিন (৩৮) ও মোঃ ইউসুফ (৩২)কে গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া ফরহাদ (৩৩) নামে একজনকে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়। অভিযানের সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে মোঃ আল মামুন ও রমেশ ত্রিপুরার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং পলাতক আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।