সাতকানিয়ার দ্বীপ চরতী ১নং ওয়ার্ডে উন্নয়ন কাজ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
এইচ এম আব্দুল্লাহ,সাতকানিয়া:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দ্বীপ চরতী ১নং ওয়ার্ডে বরাদ্দকৃত বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরতী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।আজ ৩১ আগস্ট সোমবার ইউনিয়ন জামায়াতের আমির মো. হাসেমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শনে অংশ নেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ স্থানীয় সাংসদ শাহজাহান চৌধুরীর বরাদ্দকৃত ১৫০ মিটার জিওব্যাগ স্থাপন কাজ সরাসরি পর্যবেক্ষণ করেন এবং প্রকল্পের সামগ্রিক অগ্রগতির খোঁজখবর নেন।পরিদর্শন শেষে চরতী ইউনিয়ন জামায়াতের আমির মো. হাসেম বলেন, “অচিরেই দ্বীপ চরতী থেকে বৈলতলী সড়কসহ এলাকার আরও তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ শিগগিরই শুরু হতে হবে।”
এলাকাবাসীকে আশ্বস্ত করে তিনি দ্রুত সময়ের মধ্যে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি এলাকায় এসব উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ায় সাংসদ শাহজাহান চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং তাঁর জন্য শুভকামনা ও দোয়া প্রকাশ করেন।এদিকে স্থানীয় বাসিন্দারা জানান,এই উন্নয়নমূলক প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন হলে চরতী এলাকার যোগাযোগব্যবস্থায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং জনসাধারনের চলাচলে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে।
তারা দ্রুত ও মানসম্মতভাবে কাজগুলো শেষ করার দাবি জানান।পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।