শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করাই লক্ষ্য: মুহাম্মদ শাহজাহান
চট্টগ্রাম, ৩১ আগস্ট ২০২৬: অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও লালদিঘী সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর লংমার্চ বাস্তবায়ন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি কর্মসূচির সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলদের যথাযথ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি কর্মসূচিকে কেন্দ্র করে জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানোর এবং সাংগঠনিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি সম্পন্ন করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। লংমার্চ ও সমাবেশে আগত মানুষের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সার্বিক ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি বলেন, ৫ সেপ্টেম্বরের কর্মসূচি সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার সর্বস্তরের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
সভায় বক্তারা ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, অংশগ্রহণকারীদের সমন্বয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একইসঙ্গে কর্মসূচিকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফল করতে দায়িত্বশীলদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি মুমিনুল হক, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, নগর কর্মপরিষদ সদস্য ও কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, নগর কর্মপরিষদ সদস্য ড. আ ম ম মসরুর হোসাইন, সিসিএ সভাপতি মুহাম্মদ সেলিমুজ্জামান, চিকিৎসক ডা. মুহাম্মদ ইরফান, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের অফিস সম্পাদক তানভীর মোস্তফা, পরিকল্পনা সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, জামায়াত নেতা আমান উল্লাহ আমান, তাওহীদ আজাদ, আ ন ম জোবায়ের, প্রচার বিভাগের সদস্য আবদুল্লাহ রাসেল প্রমুখ।
সভায় ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদিঘী সমাবেশকে সফল করতে বাস্তবায়ন কমিটির বিভিন্ন উপকমিটির কার্যক্রম, দায়িত্ব বণ্টন ও প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করা হয়। নেতৃবৃন্দ কর্মসূচিতে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।