রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লামায় ২০ জনের জেন্ডার বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

নজরুল ইসলাম, লামা, বান্দরবানঃ

বান্দরবানের লামা উপজেলায় নারী-পুরুষের সমতা, বৈষম্য ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) উপজেলার নুনারঝিরি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রাউসের ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটি পরিবর্তনকারী দলের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে জেন্ডার বা সামাজিক লিঙ্গের ধারণা, নারী-পুরুষের সামাজিক ভূমিকা, বৈষম্যের বিভিন্ন কারণ ও এর নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা, পারিবারিক নির্যাতন, যৌন হয়রানি, বাল্যবিবাহসহ বিভিন্ন ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার কারণ ও প্রতিরোধের উপায় নিয়ে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়।

প্রশিক্ষণে বলা হয়, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য শুধু ব্যক্তি বা পরিবারের বিষয় নয়; এটি সমাজের সামগ্রিক উন্নয়ন ও মানবাধিকারের সঙ্গে জড়িত। একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গড়ে তুলতে নারী-পুরুষ সবার সমান অধিকার, মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

স্থানীয় পর্যায়ে সামাজিক পরিবর্তনকারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণে বলা হয়, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা নিজ নিজ এলাকায় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, বৈষম্য প্রতিরোধ এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

প্রশিক্ষণে গ্রাউসের উপজেলা সমন্বয়ক মেহেরুন্নেছা, প্রশিক্ষক চৈতী ত্রিপুরা ও সাংবাদিক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যায়ে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা, বৈষম্য কমানো এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

এ প্রশিক্ষণ কার্যক্রমে সুইজারল্যান্ডের সহায়তা এবং কানাডার অংশীদারিত্ব রয়েছে।

ক্যাটাগরি