পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরীতে সবুজায়ন বৃদ্ধি শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে হবে। মারুফুল হক চৌধুরী (মারুফ)
আজ ২৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে পশ্চিম মাদারবাড়ী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সহকারী সচিব মারুফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান। এছাড়াও ক্লিন বাংলাদেশের বিভিন্ন সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মারুফুল হক চৌধুরী বলেন, “একটি সুন্দর, সবুজ ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বৃক্ষ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বায়ু বিশুদ্ধ রাখে এবং নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। ক্লিন বাংলাদেশের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে এমন উদ্যোগ ছড়িয়ে দিলে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ আরও শক্তিশালী হবে।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও তোমাদের নিতে হবে। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং সেটির যত্ন নেয়, তাহলে ভবিষ্যতে আমাদের শহর আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “বৃক্ষরোপণের পাশাপাশি আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও অত্যন্ত জরুরি। চিপসের প্যাকেট, পানির বোতলসহ কোনো ধরনের ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা যাবে না। নির্দিষ্ট স্থানে ডাস্টবিন ব্যবহার করতে হবে এবং নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। পরিচ্ছন্নতা ও সবুজায়নকে একসঙ্গে এগিয়ে নিতে পারলেই আমরা একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে পারব।”
ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমন বলেন, “পরিবেশ রক্ষার জন্য শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা করতে হবে এবং আমাদের চারপাশ পরিষ্কার রাখতে হবে। প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো ও তার যত্ন নেওয়া উচিত।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্নতা ও সবুজায়ন—এই দুই উদ্যোগকে একসঙ্গে এগিয়ে নিতে পারলেই আমরা একটি সুন্দর, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পারব।”
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষা, বৃক্ষের গুরুত্ব ও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার পথ আরও সুগম হবে।
এ সময় অনুষ্ঠানে ক্লিন বাংলাদেশের লিডার হিসেবে উপস্থিত ছিলেন ইমন, লায়লা, সাকিব, শরীফ ও তানজিফা। এছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রায়হান, সাজিদ, ইসরাত, খুশি, মরিয়ম, মুহুয়া, ফারিয়া, আরমান, সিয়াম ও আলামিন প্রমূখ।