বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ২৩) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল পশ্চিমপাড়া বাইপাস এলাকার নাসিরের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘেরের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় কয়েকজন বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পরনে থাকা প্যান্ট ও কোমরের বেল্ট দেখে স্থানীয় কয়েকজনের ধারণা, এটি গত ২৩ আগস্ট থেকে নিখোঁজ থাকা মণিরুল ইসলাম রনির মরদেহ হতে পারে। মণিরুল ইসলাম রনি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া (ঘোষপাড়া) এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।

তবে উদ্ধার হওয়া মরদেহটি মণিরুল ইসলাম রনিরই কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। মরদেহের পরিচয় নিশ্চিত ও মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানা গেছে।

ক্যাটাগরি