বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মানুষের কল্যাণে কাজ করা সবচেয়ে বড় ইবাদত: শামসুজ্জামান হেলালী

চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও নগর মেয়র পদপ্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী বলেছেন, মানুষের কল্যাণে কাজ করা সবচেয়ে বড় ইবাদত। ফরজ ইবাদতের পাশাপাশি সমাজসেবা, অসুস্থ মানুষের খোঁজ নেওয়া এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। মুরাদপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘দর্পণ’ ক্লাব দীর্ঘদিন ধরে এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে সমাজের দর্পণ হয়ে উঠেছে।

চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত মুরাদপুর ‘দর্পণ’ ক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ক্লাবের সাবেক সভাপতি ও স্থায়ী পরিষদ সদস্য এবং বর্তমান আহ্বায়ক আলহাজ্ব রাসেদুল আযম মঞ্জুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি ও স্থায়ী পরিষদ সদস্য মহিউদ্দিন ওসমান বাবলু সভা সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী।

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশীদ, প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নসরুল আজিম মালিক, সাবেক সভাপতি আলহাজ্ব সলীমুল্লাহ জামান, সংগঠক জানে আলম চৌধুরী, সমাজসেবক আলহাজ্ব নুরুল ইসলাম ও তরুণ সমাজসেবক রমজু মিয়াসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভা এবং দ্বিতীয় পর্বে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে আবদুর নুর বুলবুলকে সভাপতি এবং ইলিয়াছ মিয়া বাচ্চুকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পরে শুভেচ্ছা বক্তব্য দেন।

ক্যাটাগরি