বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বরিশালের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

থ্রি-হুইলারে যাত্রী তোলা নিয়ে বিরোধের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় অবরোধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। এতে বরিশাল ও কুয়াকাটার সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে এ অবস্থা চলছে। আকস্মিক বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী।

বাস শ্রমিকদের অভিযোগ, সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও চালকদের সঙ্গে অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকদের বিরোধ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শ্রমিকদের দাবি, শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন। খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও দুপুর পর্যন্ত কোনো সমাধান হয়নি।

পরে বাস মালিক ও শ্রমিক নেতারা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। এতে টার্মিনালে এসে অনেক যাত্রীকে ফিরে যেতে হয়। কেউ কেউ বিকল্প যানবাহনের অপেক্ষায় রয়েছেন।

বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, মহাসড়কে চলাচল নিষিদ্ধ থ্রি-হুইলার অবাধে চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলার দাঁড় করিয়ে যাত্রী তোলায় বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে মহাসড়কে এসব যান চলাচল বন্ধের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বানারীপাড়া থেকে বরিশালগামী এক যাত্রী বলেন, জরুরি কাজে বরিশালে যাওয়ার জন্য রওনা হলেও বাস বন্ধ থাকায় পথে আটকে আছেন। কখন বাস চলবে, সেটিও জানেন না তিনি।

বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ক্যাটাগরি