বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবান সীমান্তে ঘাতক ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশী তরুণের

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান জেলা প্রতিনিধি:

​মিয়ানমার সীমান্তের রক্তক্ষয়ী অস্থিতিশীলতার নতুন শিকার এক বাংলাদেশি তরুণ। রুটি-রুজির তাগিদে সীমান্তে বাঁশ কাটতে গিয়ে মিয়ানমার অংশে পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে নিজের দুই পা হারিয়ে প্রাণ হারিয়েছেন মো. সাইফুল (২৫) নামে এক যুবক।

​সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার বাসিন্দা সাইফুল ঘর থেকে বের হয়েছিলেন সামান্য কিছু বাঁশ সংগ্রহের উদ্দেশ্যে। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধীন টার্গুপাড়া বিওপির আন্তর্জাতিক সীমান্ত পিলার নম্বর ৫২-এর বিপরীতে ডুইল্যাঝিরি এলাকায় তিনি পৌঁছান, যা বর্তমানে বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র নিয়ন্ত্রণে রয়েছে।

​সেখানে অবস্থানকালে হঠাৎ বিকট শব্দে বিকট বিস্ফোরণ ঘটে। সহসা গর্জে ওঠা মাইন নিমিষেই কেড়ে নেয় তরুণ সাইফুলের দুটি পা। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে রক্তাত ও সংকটজনক অবস্থায় উদ্ধার করে।

​দ্রুত তাকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কাছে হার মানতে হয় তাকে। হাসপাতালের বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কর্মঠ এই তরুণ।

​সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত ও ল্যান্ডমাইনের এহেন উপস্থিতি সীমান্ত সংলগ্ন এলাকার নিরীহ বাংলাদেশিদের জীবনকে কীভাবে প্রতিনিয়ত চরম ঝুঁকিতে ফেলছে, এই মর্মান্তিক ঘটনাটি আবারো তা স্পষ্ট করে দিল।

ক্যাটাগরি