বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বান্দরবান জেলা পরিষদে নতুন অধ্যায়: চেয়ারপারসন মাম্যাচিং ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ

হাবিবুর রশিদ হিমন, ​বান্দরবান জেলা প্রতিনিধি:

​বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নতুন চেয়ারপারসন মাম্যাচিং। তাঁর সাথে পরিষদের নবনিযুক্ত ১৪ জন সদস্যও আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।

​আজ সোমবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করে।

​অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম নবাগত চেয়ারম্যান মাম্যাচিং এবং নবনিযুক্ত সদস্যদের যোগদানপত্র গ্রহণ করেন ও ফুল দিয়ে তাঁদের বরণ করে নেন।

​পাহাড়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়
​দায়িত্ব গ্রহণের পর দেওয়া এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মাম্যাচিং জানান, “পার্বত্য এলাকার অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং জেলার সর্বাঙ্গীণ অগ্রযাত্রায় এই পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে। সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বান্দরবান গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

​নবগঠিত পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দরা হলেন:
​১. চনুমং
২. মংক্যনু মারমা
৩. লুসাই মং
৪. মাওসেতুং তংচংগ্যা
৫. দনওয়াই ম্রো
৬. আগস্টিন ত্রিপুরা
৭. অংজাই উই চাক
৮. রিয়াল দাও বম
৯. আবদুল মাবুদ
১০. মশিউর রহমান
১১. মোহাম্মদ জসিম উদ্দীন
১২. ক্যউপ্রু খিয়াং
১৩. উম্যাসিং মার্মা
১৪. কাজী নিরুতাজ বেগম

​উপস্থিত অতিথি ও কর্মকর্তা
​অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলা পরিষদের ন্যস্ত বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, গত ২০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এই নতুন অন্তর্বর্তীকালীন কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল।

ক্যাটাগরি