বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

নেক্সাস হাসপাতালে রোগীর স্বজনদের ভোগান্তি চরমে, ম্যানেজারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

রনি বসু ময়মনসিংহ

‎ময়মনসিংহের নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার, অযথা হয়রানি, দায়িত্বে অবহেলা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন হাসপাতালটির ম্যানেজার মৃদুল কান্তি সরকার।

‎ভুক্তভোগী রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন বিষয়ে আলোচনা, বিল পরিশোধ কিংবা প্রয়োজনীয় পরামর্শের জন্য ম্যানেজারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। কেউ কেউ দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত ম্যানেজারের কক্ষের সামনে অপেক্ষা করেও সাক্ষাৎ পাচ্ছেন না। এ সময় তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।‎

‎সম্প্রতি হাসপাতালটিতে সরেজমিনে গিয়ে এমন পরিস্থিতির দেখা মেলে বলে জানান এক সংবাদমাধ্যমকর্মী। তিনি বলেন, তাঁর এক আত্মীয় নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে ভর্তি ছিলেন। রোগীর সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে তিনি ম্যানেজারের কক্ষের সামনে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেন। এ সময় সেখানে আরও অনেক রোগীর স্বজনকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা যায়।

‎ওই সংবাদমাধ্যমকর্মীর দাবি, ম্যানেজার মৃদুল কান্তি সরকারকে ফোন করা হলে অন্য একজন ফোনটি ধরেন এবং ম্যানেজার ব্যস্ত আছেন বলে জানান। রোগীর সমস্যা সমাধানের বিষয়ে জানতে চাইলে ওই ব্যক্তি অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানান। পরে ম্যানেজারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি বলে অভিযোগ করা হয়।

‎ভুক্তভোগীদের আরও অভিযোগ, কোনো সমস্যা নিয়ে ম্যানেজারের কাছে গেলে তিনি সরাসরি বিষয়টি সমাধানের উদ্যোগ না নিয়ে অন্য ব্যক্তির মাধ্যমে রোগীর স্বজনদের ঘুরিয়ে-ফিরিয়ে সময়ক্ষেপণ করেন। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তি আরও বেড়ে যায়।

‎সংশ্লিষ্টরা বলছেন, একটি হাসপাতাল কেবল ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়; এটি মানুষের জীবন ও চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান। সেখানে দায়িত্বশীল কর্মকর্তাদের আচরণ, রোগী ও স্বজনদের সঙ্গে যোগাযোগ এবং দ্রুত সমস্যা সমাধানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

‎ভুক্তভোগীদের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা।

ক্যাটাগরি