বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

পাহাড়ের অভিজ্ঞ কাণ্ডারী এবার মন্ত্রীর চেয়ারে: উন্নয়ন ও সম্প্রীতির বার্তা নিয়ে সচিবালয়ে পার্বত্য মন্ত্রী

হাবিবুর রশিদ হিমন,বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেই মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নবনিযুক্ত মাননীয় মন্ত্রী সাচিং প্রু জেরী।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে তিনি পার্বত্য অঞ্চলে জনস্বার্থমূলক উন্নয়ন কর্মকাণ্ডের গতি বজায় রাখা এবং তা আরও বেগবান করার জন্য কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার নির্দেশনা দেন।

​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাচিং প্রু জেরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

​উল্লেখ্য, ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটার ঐতিহ্যবাহী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন সাচিং প্রু জেরী (ডাকনাম জেরী)। তাঁর বাবা স্বর্গীয় অংশৈপ্রু চৌধুরী ছিলেন দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতিমন্ত্রী এবং মা স্বর্গীয় আবাঈ প্রু চৌধুরানী। পারিবারিক ধারায় রাজনীতির সাথে যুক্ত জেরী দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তৃণমূল পর্যায়ে ব্যাপক সাফল্য অর্জন করেছেন।

​তিনি পূর্বে বান্দরবান সদর উপজেলা পরিষদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন। গত শুক্রবার বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

​মন্ত্রণালয়ের নতুন অভিভাবক পেয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে কাজের নতুন উদ্দীপনা দেখা গেছে। সভায় উপস্থিত সবাই সাচিং প্রু জেরীর যোগ্য পরিচালনায় পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ক্যাটাগরি