বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

আদর্শিক নেতৃত্বে শ্রমিকদের গড়ে তুলতে হবে: এস এম লুৎফর রহমান

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে কর্মীদের নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

তিনি আজ বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডবলমুরিং থানা আয়োজিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

থানা সভাপতি মাওলানা আকরাম হোসাঈন জিহাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ আদিল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের আমীর মো. ইমরান হোসাইন।

এস এম লুৎফর রহমান বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিক নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে নিবিড়ভাবে কাজ করতে হবে। দুনিয়ার কোনো শক্তির কাছে মাথা নত না করে একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্য ইসলামী আন্দোলনের কাজ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা ও আদর্শিক চেতনায় কর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের জন্য কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজ ও রাষ্ট্র গঠনে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। শ্রমিকদের নাগরিক মর্যাদা ও শ্রমের স্বীকৃতি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের সংগঠিত করে তাদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত করতে হবে। সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে শ্রমিকদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি তাদের মধ্য থেকে আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। এজন্য কর্মীদের ধারাবাহিকভাবে শিক্ষা, প্রশিক্ষণ ও সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে।

থানা সাধারণ সম্পাদক মু. আব্দুল হালিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি ইউনুছ আলী লিটন ও দপ্তর সম্পাদক কায়সারুল আলম।

ক্যাটাগরি