আলীকদমে বিজিবির কাছে ১৪ মিয়ানমার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের আত্মসমর্পণ
হাবিবুর রশিদ হিমন,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির কাছে আত্মসমর্পণ করেছেন মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ জন সদস্য। পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বান্দরবানের আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) বিভিন্ন বয়সের ১৪ জন মিয়ানমার নাগরিক (পুরুষ) স্বেচ্ছায় আলীকদম ব্যাটালিয়নের অধীনস্থ কাইলাইপাড়া চেকপোস্টে এসে পৌঁছান এবং আত্মসমর্পণ করেন। ঘটনার পরপরই বিজিবি তাঁদের হেফাজতে নেয়।
পরবর্তীতে কাইলাইপাড়া চেকপোস্ট থেকে তাঁদের বিজিবির আলীকদম ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, বাংলাদেশে প্রবেশকারী ১৪ জনই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। সীমান্তে অনুপ্রবেশের সময় তারা নিরস্ত্র এবং বেসামরিক পোশাকে ছিলেন।
অবৈধ অনুপ্রবেশ আইন, ফরেনার্স অ্যাক্ট, সরকারি নির্দেশনা এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে উক্ত মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ ১৯ আগস্ট ২০২৬ (বুধবার) বিজিবি তাঁদের আনুষ্ঠানিকভাবে আলীকদম থানা পুলিশের নিকট হস্তান্তর করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আবদুল্লাহ আল মেহদী জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।