আলীকদমে সেনা জোনের বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের সংবর্ধনা অনুষ্ঠিত
হাবিবুর রশিদ হিমন, বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম প্রেসক্লাবের উদ্যোগে সেনা জোনের বিদায়ী ও নবাগত জোন কমান্ডারের বিদায় ও বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ ফারহাদুর রহমান, পিএসসি, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম এবং আলীকদম প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।
আলীকদম প্রেসক্লাবের সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল-এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জুয়েল নুরখান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অতিথিরা বিদায়ী জোন কমান্ডারের প্রশাসনিক দক্ষতা ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নবাগত জোন কমান্ডারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁর নতুন মেয়াদের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।