কাউখালীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
মোহাম্মদ মামুন, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:
মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙামাটির কাউখালীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় ৩ নম্বর ঘাগড়া ইউনিয়ন ও কাউখালী থানার আয়োজনে উপজেলা সদরে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পুলিশ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কাউখালী থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রত্যেক সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবার থেকেই সন্তানদের প্রতি নজরদারি ও সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব হোসেন বলেন, মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে ভূমিকা রাখতে হবে। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।
সমাবেশ শেষে মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মাদকমুক্ত কাউখালী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।