মাদক শুধু ব্যক্তিকে নয়, ধ্বংস করে পুরো পরিবার ও সমাজকে : ঈদগাঁওতে মাদকবিরোধী সভায় বক্তারা
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের ঈদগাঁও থানাধীন ঈদগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী এক বিশাল র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন” এই স্লোগানকে সামনে রেখে এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
সোমবার ১৭ আগস্ট বিকেলে ৭ নম্বর ওয়ার্ডের দরগাহ পাড়া বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য ও সুশৃঙ্খল র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে জনসচেতনতা সৃষ্টি করেন। র্যালি শেষে দরগাহ পাড়া বাজার চত্বরে এক সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ”মাদক সমাজ ধ্বংসের মূল হাতিয়ার। এটি শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকে গ্রাস করে। ঈদগাঁও থানাকে একটি সম্পূর্ণ মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, শুধু পুলিশ প্রশাসনের একাই নয়, মাদক নির্মূলে সমাজের প্রতিটি নাগরিক, অভিভাবক ও যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা ও গঠনমূলক কাজে সম্পৃক্ত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এলাকার প্রতিটি পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার পাশাপাশি মাদকাসক্তদের সঠিক চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সমাবেশে ঈদগাঁও থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, এলাকার মুরুব্বি, যুবসমাজ উপস্থিত ছিলেন। পরিশেষে, মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।