মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

রেয়াজউদ্দিন বাজারে জলাবদ্ধতায় ক্ষয়ক্ষতি পরিদর্শনে নগর জামায়াত আমীর

চট্টগ্রাম, ১৭ আগস্ট ২০২৬: প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীদের খোঁজখবর নিতে বাজার পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রাম নগরীতে ভারী বর্ষণের ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে রেয়াজউদ্দিন বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। আকস্মিক জলাবদ্ধতায় বিপুল পরিমাণ পণ্য, মালামাল ও ব্যবসায়িক সরঞ্জাম নষ্ট হয়ে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং তাদের পাশে দাঁড়াতে নগর জামায়াত আমীর রেয়াজউদ্দিন বাজার পরিদর্শন করেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, দুর্যোগ ও সংকটের সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দীর্ঘদিনের একটি ভয়াবহ সমস্যা। প্রতিবছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও ব্যাপক ক্ষতির শিকার হচ্ছেন। রেয়াজউদ্দিন বাজারের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় জলাবদ্ধতার কারণে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল-নালা ও ড্রেনের নিয়মিত সংস্কার, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং জলপ্রবাহের প্রতিবন্ধকতা দূর করা জরুরি। শুধু বর্ষা মৌসুমে তৎপরতা না দেখিয়ে সারা বছর পরিকল্পিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করারও দাবি জানান তিনি।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোসাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ এবং তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ সরওয়ার কামালসহ স্থানীয় ব্যবসায়ী ও জামায়াত নেতৃবৃন্দ।

ক্যাটাগরি