সাতকানিয়ার আমিলাইষ ৫ নং ওয়ার্ডে মাদকবিরোধী মানববন্ধন
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় সচেতন নাগরিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আমীর হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা খোরশেদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মাহবুব, মোজাম্মেল হক, মাস্টার ইমরান হোসাইন, মোহাম্মদ ইদ্রিস, সাংবাদিক ইমরান সোহেল, মো. ইউছুপ, সেলিম উদ্দিন, আজগর আলী, আমিনুল ইসলাম, আব্দুর রশিদ, আবুল কাশেম, ইউনুস, মোহাম্মদ আলী, আহত কামাল উদ্দিন, শাহরিয়ার, আবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের কারণে তরুণ ও যুবসমাজ বিপথগামী হওয়ার পাশাপাশি এলাকায় নানা ধরনের অপরাধ বাড়ছে। তাই মাদকের বিস্তার রোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকসম্রাট আরমান ও সহযোগী রুবেলকে অবিলম্বে গ্রেফতার করা হোক। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে আমিলাইষের ৫ নম্বর ওয়ার্ডসহ পুরো এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন আয়োজকরা।