সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

লংগদুতে ঝড়ের কবলে নৌকা ডুবে যুবক নিখোঁজ, শিশুপুত্র উদ্ধার।

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে সালাম (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর চার বছর বয়সী শিশুপুত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ সালামকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রস্তুতি নিচ্ছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম মাইনী বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে নৌকায় রওনা হন। পথে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নিজের চার বছর বয়সী ছেলেকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেন তিনি। দূর থেকে একটি ট্রলার এসে শিশুটিকে সালামের হাত থেকে উদ্ধার করলেও প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে উদ্ধারের আগেই তিনি পানিতে তলিয়ে যান।

পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর তার পেটে প্রচুর পানি থাকায় কিছুটা শারীরিক জটিলতা দেখা দেয়। বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত ও ভালো আছে।

লংগদু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাঙামাটি থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছালে নিখোঁজ সালামকে উদ্ধারে অভিযান শুরু করা হবে। এরই মধ্যে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ক্যাটাগরি