ঈদগাঁওয়ে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারের ঈদগাঁওয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সদর রামু ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সহায়তায় গৃহ নির্মাণ মঞ্জুরির ঢেউটিন এবং নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
১৩ আগষ্ট ( বৃহষ্পতিবার) বিকেলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে এই সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে গৃহ পুনর্নির্মাণের জন্য দুই বান্ডিল করে ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকার চেক দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে এসব সরঞ্জাম তুলে দেন।
বিতরণকালে ইউএনও মংচিংনু মারমা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক ও নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে এই সহায়তা কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।