বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

অহিদুল ইসলাম অভি,রাঙামাটি প্রতিনিধি :

দীর্ঘ প্রায় সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও শুরু হয়েছে মাছ ধরা। সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে নৌকা ও জাল নিয়ে হ্রদে নামতে শুরু করেন জেলেরা। মাছ শিকার শুরু হওয়ায় জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে ফিরেছে কর্মচাঞ্চল্য। স্বস্তি ফিরেছে জেলে পরিবারগুলোতেও।

জেলেরা বলছেন, দীর্ঘদিন মাছ ধরা বন্ধ থাকায় এবার হ্রদে পর্যাপ্ত মাছ পাওয়া যাবে—এমন প্রত্যাশা করছেন তারা। নিষেধাজ্ঞার সময় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি হওয়ায় এবারের মৌসুমে ভালো পরিমাণ মাছ আহরণের আশা করছেন জেলেরা।

মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ রাখে জেলা প্রশাসন। তবে চলতি বছর হ্রদের পানি দ্রুত কমে আসায় নির্ধারিত সময়ের আগেই, ২৫ এপ্রিল থেকে মাছ শিকার বন্ধ করা হয়।

পরবর্তীতে মাছের প্রজনন ও বংশবৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়। ফলে চলতি বছর কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞার মেয়াদ দাঁড়ায় প্রায় ৩ মাস ১৫ দিন।

দীর্ঘ এ নিষেধাজ্ঞার কারণে হ্রদকেন্দ্রিক জেলে, মাছ ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের আয়-রোজগার অনেকটাই বন্ধ ছিল। একই সঙ্গে বন্ধ ছিল স্থানীয় বরফকলগুলোও। মাছ ধরা ফের শুরু হওয়ায় এসব ব্যবসা-প্রতিষ্ঠানেও আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

জেলেদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার সময়ে মাছের প্রজনন ও মজুদ বৃদ্ধি পাওয়ায় এবার হ্রদে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ পাওয়া যাবে। এতে তাদের দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা কাটবে এবং জেলে পরিবারগুলোতে ফিরবে স্বস্তি।

ক্যাটাগরি