রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লামায় আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই চেতনা বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে লামা উপজেলা তথ্য অফিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, পটভূমি, আত্মত্যাগ ও চেতনা তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এতে উপস্থিত অতিথি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মোঃ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর লামা উপজেলা আহ্বায়ক নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী এবং লামা ট্রাফিক পুলিশ অফিসার গোবিন্দ চন্দ্র। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেদ।

আলোচনা সভায় বক্তব্য দেন জুলাই আন্দোলনে আহত জুলাই যোদ্ধা শরীফ। তিনি বলেন, সরকারকে দ্রুত গণভোট বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করতে হবে।

জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আলী হায়দার রাব্বি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাকিবুল ইসলাম মারুফ সরকারি বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরে গণভোট প্রসঙ্গে গঠনমূলক সমালোচনা করেন।

ছাত্রদলের আহ্বায়ক মনিরুল ইসলাম তুহিন বিএনপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকারকে কাজের মাধ্যমে নিজেদের প্রমাণের জন্য আরও সময় দেওয়া প্রয়োজন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাজমুল হাসান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
লামা উপজেলা জামায়াতের আমীর কাজী মোঃ ইব্রাহিম বলেন, রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে প্রথমে জামায়াত অবস্থান নিয়েছিল এবং সে বিষয়ে দলের ভূমিকার কথা তুলে ধরেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্য ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন বলেন, বর্তমান বিএনপি সরকারের বয়স মাত্র ছয় মাস। সরকারকে সময় দিলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সফলতা অর্জন সম্ভব হবে। এ সময় তিনি সাম্প্রতিক বিভিন্ন জাতীয় বিষয় নিয়েও বক্তব্য দেন।

প্রধান অতিথি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে এবং আগামী প্রজন্মের কাছে সেই চেতনা পৌঁছে দিতে হবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, জুলাই চেতনা শুধু মুখে বললে হবে না, তা অন্তরে ধারণ করতে হবে। তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ সালে দেশের অর্থনৈতিক অবস্থা কঠিন ছিল, তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে আরও উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি উপস্থিত বক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তরুণদের উদ্যোক্তা হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, লামায় কর্মরত সাংবাদিকবৃন্দ,বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাদের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবশেষে লামা মডেল মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ ইব্রাহিমের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ক্যাটাগরি